

রাজধানীর যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-মোঃ আব্দুল্লাহ রাজু (৪১)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, ভিকটিম তার স্বামীর সাথে যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ সায়েদাবাদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ভিকটিমের সাথে আসামির পূর্ব পরিচয় ছিল। সেই সুবাদে আসামি ভিকটিমের বাসায় যাতায়াত করত। সুসম্পর্ক থাকায় আসামির সাথে ভিকটিমের বিভিন্ন সময় টাকা লেনদেন হতো। পরবর্তীতে আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধের জের ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, ঘটনার দিন সোমবার (৩০ মার্চ) বিকাল আনুমানিক ০৪ :০০ ঘটিকায় রাজু ভিকটিমের ভাড়া বাসায় যায়। বিকাল আনুমানিক ০৫.৪৫ ঘটিকায় পর আসামি মোঃ আব্দুল্লাহ রাজু জরুরি কথা আছে বলে ভিকটিমকে বাসার ছাদের অংশে নিয়ে যায়। লেনদেন নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে আসামি ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমকে শ্বাসনালীসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত কাটা জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে সন্ধ্যা আনুমানিক ০৬:৪০ ঘটিকার সময় ভিকটিমের শাশুড়ি তাকে রক্তাক্ত অবস্থায় ছাদের ফ্লোরে পড়ে থাকতে দেখেন। পরে ভিকটিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ডিএমপি যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।
মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) যাত্রাবাড়ী থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ আব্দুল্লাহ রাজুকে গ্রেফতার করে। এছাড়াও ঘটনাস্থলে ফেলে যাওয়া আসামির একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত রাজুকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।