

রাজধানীর মিরপুর এলাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার নামে প্রতারণার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) । গ্রেফতারকৃতরা হলো- ১। মো. শাহারুল ইসলাম বাপ্পি (৪৯) ও ২। মো. বাচ্চু মিয়া (৪৩)।
মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০:৩০ ঘটিকায় মিরপুর দারুস সালাম থানাধীন মাজার কো-অপারেটিভ মার্কেটে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নথি, সিল, স্ট্যাম্প ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, ডিএমপির মিরপুরে ১০ মার্চ রাত সাড়ে ১০ ঘটিকায় মিরপুর জোনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে দারুস সালাম থানাধীন মাজার কো-অপারেটিভ মার্কেটের “মায়ের দোয়া ফটোকপি অ্যান্ড কম্পিউটার” দোকানে অভিযান পরিচালনা করে। এ অভিযানে প্রতারণার সাথে জড়িত মো.শাহারুল ইসলাম ও মো. বাচ্চু মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির নামে তৈরি বিভিন্ন জাল কাগজপত্র, নিয়োগপত্র, সরকারি লোগো সম্বলিত প্যাড, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, একাধিক সিল ও স্ট্যাম্প প্যাড, দুটি হার্ডডিস্ক, একটি এলইডি মনিটর এবং মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। তাদের বিরুদ্ধে প্রতারণাসহ সাইবার নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এই তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে ও ঘটনার সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।