জামিন পেলেন মেনন-মানিক-ইনু

জামিন পেলেন মেনন-মানিক-ইনু
প্রকাশিত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত এ আদেশ দেন। শামসুদ্দিন চৌধুরী মানিকের আইনজীবী নঈমুল হক মজুমদার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, হাসানুল হক ইনুকে আজ মানহানির এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আর আগে থেকে এ মামলায় গ্রেপ্তার রাশেদ খান ও শামসুদ্দিন চৌধুরীকে আজ আদালতে হাজির করার ধার্য তারিখ ছিল। আজ তাঁদের পক্ষে আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।

২০২৪ সালের ২২ আগস্ট জিয়াউল হক নামের একজন আইনজীবী বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনজনের বিরুদ্ধে মানহানির মামলাটি করেছিলেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এবং ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

এর আগে ২০১৩ সালের ১৯ জুলাই হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন ভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। আসামিরা বিভিন্ন সময় জিয়া পরিবারকে নিয়েও বিরূপ মন্তব্য করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com