বিএনপির হাত ধরেই সব সংস্কার বাস্তবায়ন হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনপির হাত ধরেই সব সংস্কার বাস্তবায়ন হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রকাশিত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিএনপি দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সংস্কারের ধারায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও সব বড় সংস্কার ও বিচারিক প্রক্রিয়া দলটির হাত ধরেই বাস্তবায়িত হবে।

তিনি আজ সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে নিজের নির্বাচনী এলাকা নগরকান্দা-সালথাবাসীর প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী ও রাজনৈতিক নেতৃত্বকে স্মরণ করেন। 
তিনি বর্তমান সংসদকে 'মজলুমদের সংসদ' হিসেবে উল্লেখ করে বলেন, এখানে গুম, নির্যাতন ও রাজনৈতিক দমন-পীড়নের শিকার হয়ে ফিরে আসা সংসদ সদস্যরা আছেন।

তিনি বলেন, ইতিহাস রাজনৈতিক দল নয়, বরং ইতিহাসবিদদের লেখা উচিত। কারণ দলীয় দৃষ্টিভঙ্গি ইতিহাস বিকৃতির ঝুঁকি তৈরি করে। তিনি অতীতের বিভিন্ন সরকার ও রাজনৈতিক ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, বাংলাদেশে গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে এবং তা থেকে উত্তরণের জন্য নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রয়োজন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেন, বিএনপি জনগণের আস্থা ও প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তার ভাষায়, দলটি কখনো আপস করে রাজনীতি করেনি এবং নেতাকর্মীরা দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নির্যাতন ও কারাবরণ করেছে।

তিনি আরও বলেন, 'জুলাই সনদ' একটি জাতীয় সংস্কারের রূপরেখা, যা বিএনপির নেতৃত্বেই বাস্তবায়ন সম্ভব হবে। তিনি আশ্বাস দেন যে, জুলাই আন্দোলন ও অতীতের গুম-খুনের ঘটনাগুলোর বিচারও ভবিষ্যতে বিএনপির হাত ধরেই নিশ্চিত করা হবে।

মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, মুক্তিযুদ্ধকে কোনোভাবেই অন্য কোনো রাজনৈতিক আন্দোলনের সঙ্গে তুলনা করা যায় না। এটি জাতির সবচেয়ে বড় অর্জন এবং এর মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com