৬ জুন থেকে মাঠ থেকে সেনাসদস্য প্রত্যাহার শুরু, ধাপে ধাপে ফিরবেন ব্যারাকে

৬ জুন থেকে মাঠ থেকে সেনাসদস্য প্রত্যাহার শুরু, ধাপে ধাপে ফিরবেন ব্যারাকে
প্রকাশিত

আগামী ৬ জুন থেকে সেনাবাহিনীর সদস্যদের মাঠপর্যায় থেকে প্রত্যাহার শুরু হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুরুতে দূরবর্তী জেলাগুলো থেকে সেনাসদস্যদের প্রত্যাহার করা হবে, পরে ধাপে ধাপে বিভাগীয় শহর ও বড় জেলাগুলো থেকেও তাদের তুলে আনা হবে।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৪ সালের জুলাই মাসে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নামানো হয় প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের। অন্তর্বর্তী সরকারের পুরো সময়জুড়েই তারা দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে আলোচনা হয়। যদিও তাৎক্ষণিকভাবে গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়নি, তবে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে।

এর আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছিলেন, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায়। পুলিশ পুনর্গঠিত হলে সেনাসদস্যরা নিজ কর্মস্থলে ফিরে যাবেন। এরপর গত বছর নভেম্বর থেকে কিছু সেনাসদস্যকে মাঠ থেকে প্রত্যাহারও করা হয়।

তবে নির্বাচন ঘিরে সেনাসদস্যরা অন্য সব বারের মতো মাঠেই ছিলেন। সংসদ নির্বাচনের পর সেনাপ্রধান গত ১৬ ফেব্রুয়ারি বলেছিলেন, নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com