

সচিবালয়ে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবহন নিয়ে বুয়েটের বিশেষজ্ঞ ও দুই সিটির প্রশাসকের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, বর্জ্য ব্যবস্থাপনার জন্য যারা কাজ করে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে তাদের ঈদ বোনাস দিয়েছেন। প্রধানমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনায় যেসব যন্ত্রপাতি দরকার তা আমদানি না করে দেশে বুয়েটের সহযোগিতায় করা যায় কি না সেই নির্দেশনা দিয়েছেন, এবং বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, রাস্তাঘাটের উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে আমরা ধারাবাহিকভাবে কাজ করবো। মশা নিধনে নানা কার্যক্রম নেয়া হয়েছে। শুধু ঔষধে কাজ হবে না। খাল পরিস্কার করেছি। বর্ষার আগে মশা অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করি।
এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এহসান বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, অটোমেশন, পরিবহণ ব্যবস্থায় উন্নয়নে ইলেকট্রনিক থ্রিহুইলার ওপর প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। যন্ত্র আমদানির চেয়ে দেশে তৈরীর কথা বলেছেন।