

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেছেন, শীর্ষ সন্ত্রাসীদের উপদ্রব নেই, কিছু মাঝারি মানের বা তাদের নাম ভাঙিয়ে কিছু সন্ত্রাস করে। তারা নিজেরাই মারামারি করে। কিন্তু জনগণের ওপরে আক্রমণটা তেমন একটা নেই।
রোববার (৩ মে) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, তারপরও তাদের মনিটরিং চলছে এবং গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে। শুধু থানা পুলিশ নয়, ডিবি, সিটিটিসি এবং র্যাবও এতে যুক্ত রয়েছে। আসামিদের তালিকা এসব ইউনিটের কাছেই রয়েছে এবং সমন্বিতভাবে তাদের ধরার চেষ্টা চলছে।
চাঁদাবাজ প্রসঙ্গে তিনি আরও বলেন, তাদের যে কোনোভাবেই ধরা পড়বে। চাঁদাবাজির স্থান থেকে, তার বাড়ি এমনকি সে যদি দিনাজপুর-রংপুর চলে যায় সেখান থেকেও ধরে নিয়ে আসবো। অতএব পার পাওয়ার কোনো উপায় নেই।
এদিকে, ছিনতাই প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, প্রতিরোধে গত দুই মাসে ডিএমপির বিভিন্ন ডিভিশন এবং পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত অফিসার ও ফোর্স নিয়ে ব্লক রেইড পরিচালনা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় অতিরিক্ত পেট্রোল পার্টি, টহল ও চেকপোস্ট বসানো হয় এবং ছিনতাইকারীদের ব্যাপকভাবে গ্রেফতার করা হয়েছে। এ সময় দায়ের হওয়া প্রতিটি মামলাতেই আসামিদের শনাক্ত করে গ্রেফতার দেখানো হয়েছে।