

বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (অবসরপ্রাপ্ত) মোঃ গোলাম কিবরিয়া ভূইয়া গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) রাত সাড়ে আটটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা আজ রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে দশটায় রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ বাহারুল আলম বিপিএম, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।
জানাজা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।
মরহুম মোঃ গোলাম কিবরিয়া ভূইয়া ১৯৭৩ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। কর্মজীবনে তিনি কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (হেডকোয়ার্টার্স) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০০ সালে স্পেশাল ব্রাঞ্চের অ্যাডিশনাল ডিআইজি হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সাথে পালন করেছেন ।
তিনি ১৯৪৩ সালে নোয়াখালী জেলার চাটখিল থানাধীন কামালপুর ভূইয়া বাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।