শিশু রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর সিআইডির

শিশু রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর সিআইডির
প্রকাশিত

রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার ৭ বছরের শিশু রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (২৩ মে) বিকেলে এ রিপোর্ট হস্তান্তর করা হয়।

সিআইডি জানায়, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সব ফরেনসিক রিপোর্ট তদন্তকারী কর্মকর্তারা হাতে তুলে দেওয়া হয়েছে।

এদিকে, আজ দুপুরে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পেলে ঈদের আগেই চার্জশিট গঠন করা হবে।

তিনি আরও বলেন, ডিএনএ না করে চার্জশিট দেওয়া হলে বিচার প্রশ্নবিদ্ধ হবে। এ ধরনের মামলায় ডিএনএ খুব গুরুত্বপূর্ণ প্রমাণ।

অন্যদিকে, বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। যাতে ভবিষ্যতে কোনো ব্যক্তি এই ধরনের কাজ করার আর সাহস না পায়। একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়তে হলে আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। একই সঙ্গে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেফতার করা হয়।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com