বিসিএসের লিখিত পরীক্ষা বর্জনের ঘোষণা আন্দোলনরতদের

বিসিএসের লিখিত পরীক্ষা বর্জনের ঘোষণা আন্দোলনরতদের

প্রকাশিত

আগামীকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে আন্দোলনরতরা। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এই ঘোষণা দেন তারা। 

আন্দোলনরতরা বলেন, আমরা প্রতারণার শিকার। সরকারের উপরের মহল আমাদের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেছে। কিন্তু কোনও সমাধান করেনি। আমরা ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা বর্জন করলাম। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে তা দেখতে চাই। যদি অধিকাংশ সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ না নেয় তাহলে নির্বাচন পরবর্তী রাজনৈতিক সরকারের কাছে এই পরীক্ষা পুনরায় আয়োজনের জন্য দাবি জানাবো।

এর আগে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছাতে আজ বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টা পর্যন্ত আল্টিমেটাম দেয় আন্দোলনকারীরা। পাশাপাশি দাবি মানা না হলে ব্লকেড কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা।

এদিকে, গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে যমুনা অভিমুখে রওনা দেন পরীক্ষার্থীরা। পরে পুলিশের বাঁধার মুখে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। একপর্যায়ে সেখানেই পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় টিয়ারশেল, জলকামান নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে কয়েকজন পরীক্ষার্থী আহত হয়। এই ঘটনায় নিন্দা জানিয়ে কয়েকটি দল ও সংগঠন বিবৃতি দেয়।

আন্দোলনকারীদের অভিযোগ, আগের বিসিএসে অংশ নেয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে এক বছর সময় পেতেন। কিন্তু এবার দুই মাসেরও কম সময় দেয়া হয়েছে। এ সিদ্ধান্ত অযৌক্তিক।

প্রসঙ্গত, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। একযোগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়গুলোর লিখিত পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com