হজ পালনে সৌদি পৌঁছেছেন ৫৯,৭৮৩ বাংলাদেশি হজযাত্রী

হজ পালনে সৌদি পৌঁছেছেন ৫৯,৭৮৩ বাংলাদেশি হজযাত্রী
প্রকাশিত

পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তারা মোট ১৫৪টি ফ্লাইটে চেপে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে পাড়ি জমান।

রবিবার (১৭ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে তথ্যটি নিশ্চিত করা হয়। 

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শনিবার (১৬ মে) দিবাগত রাত ৩টা পর্যন্ত সৌদি আরবে পৌঁছান ৫৯ হাজার ৭৮৩ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৮টি ফ্লাইটে ৩০ হাজার ৮৪৪ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। এছাড়া সৌদি এয়ারলাইনস পরিচালিত ৫৪টি ফ্লাইটে জেদ্দায় পৌঁছেছেন ২০ হাজার ৮০ জন হজযাত্রী। একই সঙ্গে ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ২২টি ফ্লাইটে আরও আট হাজার ৮৫৯ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গেছেন। 

মোট যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৩৩৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবে গিয়ে আরও একজন হজযাত্রীর মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ এবং চারজন নারী। তাদের মধ্যে ১২ জন মক্কায় এবং চারজন মদিনায় ইন্তেকাল করেছেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ লক্ষ্যে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে হজযাত্রীদের প্রথম ফ্লাইট যাত্রা শুরু করে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com