

কিশোরগঞ্জ-৪ আসনের এমপি ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের সাথে জুলাই যোদ্ধাদের তুলনা করা অন্যায়। মুক্তিযুদ্ধ এত সহজ জিনিস নয়।
মঙ্গলবার ২৮ এপ্রিল বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৫ আগস্টের পর বাউলের গান, লালনের গান হতে দেয়া হয়নি। মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করা হয়েছে।
জামায়াত বাংলাদেশে রাজনৈতিক যুদ্ধে জয়ী হতে পারবে না উল্লেখ করে ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধারা জিতবে, রাজাকাররা জিততে পারবে না।
তিনি বলেন, বিরোধীদলের এমপিরা আমাকে ফজা পাগলা বলে সম্বোধন করে।
মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না উল্লেখ করে তিনি বলেন, বিরোধীদলীয় নেতা নাকি শহীদ পরিবারের লোক, তিনি আবার জামায়াত করেন, এটা ডাবল অপরাধ।
ফজলুর রহমান বলেন, ৫ আগস্টের পর থানা লুট হয়েছে, পুলিশ হত্যা হয়েছে এসবের তদন্ত করে বিচার হওয়া উচিত। যতই অপরাধ করুক, পুলিশ হত্যার বিচার হওয়া উচিত।