অপতথ্য রোধে গণমাধ্যমকে সোচ্চার হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

অপতথ্য রোধে গণমাধ্যমকে সোচ্চার হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
প্রকাশিত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী অপতথ্য ও ভুল তথ্যের নেতিবাচক প্রভাব সম্পর্কে সবাইকে সতর্ক করে এর ব্যবহার রোধে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেন, ‘অসত্য তথ্য প্রচার কেবল রাষ্ট্রের জন্যই নয়, বরং ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্যও বড় বিপদের কারণ হতে পারে।

আজ সোমবার বিকেলে চ্যানেল আই অনলাইনের ১২ বছরে পদার্পণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

রাজধানীর ‘চ্যানেল আই’ ভবনের ছাদ বারান্দায় ‘অ্যালগরিদম যুগে সাংবাদিকতা’ শীর্ষক এ আলোচনা ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সময়ে অনলাইনে তথ্যের প্রবাহ অনেক বেশি। কিন্তু এই সুযোগ নিয়ে যেন অপতথ্য ছড়ানো না হয়, সেদিকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। বিশেষ করে অনলাইন মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে এই বিষয়ে সচেতনতা ও প্রতিরোধমূলক ভূমিকা অত্যন্ত জরুরি।’ চ্যানেল আই অনলাইন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই অপতৎপরতা রোধে তাদের অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 বিবিসিতে নিজের দীর্ঘ ১৬ বছর কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘ডিজিটালাইজেশন বলতে কেবল অনলাইনে যাওয়া বোঝায় না। এটি একটি অত্যন্ত ব্যয়বহুল এবং কারিগরি দক্ষতা নির্ভর প্রক্রিয়া। আমরা বাংলাদেশের গণমাধ্যম খাতকে আন্তর্জাতিক মানের আধুনিক ও ডিজিটাল করতে কাজ করছি। এ বিষয়ে আমরা বিভিন্ন অংশীজনের সাথে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি।’

বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় পূর্ণ বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, ‘গণতন্ত্রকে সুসংহত করতে সংবাদপত্র, ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়াকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। এটি বজায় রাখা আমাদের সরকারের অন্যতম অঙ্গীকার।’

চ্যানেল আই অনলাইনের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ছিল— ‘ভয়হীন স্বাধীন সাহস’। অনুষ্ঠানে চ্যানেল আই অনলাইনের সম্পাদক ও চ্যানেল আই-এর চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন। 

আলোচনা সভায় আরও অংশ নেন কবি ও শিক্ষক আফরোজা সোমা, সাংবাদিক শওকত হোসেন মাসুম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ইমরান হোসেন।

চ্যানেল আই-এর চিফ নিউজ এডিটর মীর মাসরুর জামান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে সেরা সংবাদকর্মীদের পুরস্কার প্রদান করা হয়।

সবশেষে তথ্য প্রতিমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে কেক কাটার মাধ্যমে ১২ বছরে পদার্পণের উৎসব উদযাপন করেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com