

কৃষক ভালো থাকলে সারা দেশের মানুষ ভালো থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের জন্য নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার সুরুজ এলাকার কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষকেরা পহেলা বৈশাখ থেকেই নতুন হিসাব শুরু করতেন, সেই ঐতিহ্যকে ধারণ করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশের প্রধান পেশা কৃষি, আর কৃষক ভালো থাকলে পুরো দেশ ভালো থাকবে। সরকারের লক্ষ্য কৃষকদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করা হয়েছে এবং এখন ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হলো।
এর আগে সকাল ১১টার দিকে তিনি টাঙ্গাইলে পৌঁছান। সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে তার যাত্রা শুরু হয়। ‘কৃষক কার্ড’ কর্মসূচির মাধ্যমে কৃষকদের প্রণোদনা, ভর্তুকি এবং বিভিন্ন সরকারি সহায়তা সহজভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে কৃষি সেবায় স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।