ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করতে পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে: আইজিপি

ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করতে পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে: আইজিপি
প্রকাশিত

ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করতে পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে বলে মন্তব্য করেছেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, ‘প্রতিবছর ঈদযাত্রায় ঘরমুখো মানুষের অনেক সমস্যা হয়। বিশেষ করে সড়কে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়।’

‘এ বছর ঈদ যাত্রায় যাত্রীদের যাতে কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে কোনো ব্লকেড-যানজট না হয় সেটা নিশ্চিত করার জন্য সারা দেশে পুলিশ মোতায়েন থাকবে,’ বলেন তিনি।

আলী বলেন, ‘সড়ক পরিবহন মালিক সমিতির নেতাদের অনুরোধ করেছি, পরিবহনে চালক ও তাদের সহকারী অল্পশিক্ষিত-অর্ধশিক্ষিত লোকজনই বেশি এই পেশায় জড়িত। তারা অনেক সময় আমাদের ট্রাফিক আইনটাও জানে না, তারপর ট্রাফিক সিগনাল বোঝে না, ট্রাফিক আইনটা মেনে চলে না, সড়কে যত্রতত্র গাড়ি রাখে। (রাস্তার) মাঝখানে একটা গাড়ি রেখে যাচ্ছে, কিন্তু সে চিন্তা করে না আমার পেছনে অন্য গাড়িগুলো ব্লক হয়ে যাবে। একটু কাণ্ডজ্ঞান যদি তারা প্রয়োগ করেন, তাহলে এটা থেকে আমরা মুক্তি পেতে পারি।’

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আমি যোগদানের পরদিনই বলেছি, ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার কোনো গাড়ির কাউন্টার থাকবে না। এগুলো সরাতে সিটি করপোরেশন, বাসের মালিক সবার প্রচেষ্টা দরকার। অনেকে আছেন, তার নিজের এলাকার প্রভাব খাটিয়ে বলেন, আমার বাড়িতে আমি কাউন্টার বানাবো কী করবেন আপনি? এই সবাই আইনের আওয়তায় আসবে। আইনের মাধ্যমে এগুলো আমরা আস্তে আস্তে একটা ব্যবস্থাপনায় নিয়ে আসবো।’

গাবতলীতে কোনো যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না বলেও জানান তিনি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com