জাতীয় সংসদে ২০টি বিল পাস, অধ্যাদেশগুলো আইনে রূপান্তর

জাতীয় সংসদে ২০টি বিল পাস, অধ্যাদেশগুলো আইনে রূপান্তর
প্রকাশিত

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের অংশ হিসেবে জাতীয় সংসদে মোট ২০টি বিল পাস হয়েছে। এর মধ্যে শুক্রবার সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের অধিবেশনে বিলগুলোর ওপর কোনো দফাওয়ারি সংশোধনী প্রস্তাব না থাকায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সেগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীরবিক্রম।

অন্তর্বর্তী সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি নতুনভাবে বিল আকারে আনার সুপারিশ করা হয়।

পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ, অর্থনীতি, ব্যাংকিং, শিক্ষা, পরিবেশ ও সামাজিক খাত সংশ্লিষ্ট আইন। এর মধ্যে নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনসংক্রান্ত বিল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন বিল, বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিল, আমানত সুরক্ষা বিল, এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল, ভ্যাট ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, গ্রামীণ ব্যাংক (সংশোধন) বিল এবং বাংলাদেশ ব্যাংক (সংশোধন) বিল অন্যতম।

এ ছাড়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) বিল, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা বিল, সাইবার সুরক্ষা বিল, নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিলও পাস হয়।

এ অধিবেশনে আরও একটি বিল পাস হয়, যেখানে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬ সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com