কৃষকের কষ্ট আমরা দেখেছি, এবার স্বপ্ন পূরণের সময় : শিক্ষামন্ত্রী

কৃষকের কষ্ট আমরা দেখেছি, এবার স্বপ্ন পূরণের সময় : শিক্ষামন্ত্রী
প্রকাশিত

কৃষকের কষ্ট লাঘব করে তাদের স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কৃষকের কষ্ট আমরা দেখেছি, এবার স্বপ্ন পূরণের সময়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ২টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘদিন পর বগুড়ায় এসে তিনি মানুষের কষ্ট-সংগ্রামের কথা নতুন করে উপলব্ধি করেছেন। তিনি উল্লেখ করেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কৃষকদের অবদান অপরিসীম এবং তাদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

দেশের রাজনৈতিক ইতিহাস স্মরণ করে তিনি প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুদূরপ্রসারী চিন্তার ফলেই তিস্তা ব্যারেজের মতো বড় প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা উত্তরাঞ্চলের কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ সময় তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথাও উল্লেখ করে বলেন, ২০০১ থেকে ২০০৬ মেয়াদে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে নানা কার্যক্রম পরিচালিত হয়েছিল, যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

কৃষকদের ব্যাপক উপস্থিতির কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এই আয়োজন একটি বৃহৎ সমাবেশে পরিণত হয়েছে, যা কৃষকদের আগ্রহ ও সম্পৃক্ততার প্রমাণ বহন করে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রশংসা করে তিনি বলেন, কৃষকদের প্রতি তার আন্তরিকতা ও দায়িত্ববোধ প্রশংসনীয়।

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে শিক্ষামন্ত্রী বলেন, অতীতে এখানে বহু শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। বন্ধ থাকা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শাহে আলম এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান, খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপাচার্য (ভিসি), জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com