সংস্কৃতির প্রধান দায়িত্ব হলো, ‘কালচারাল ডিপ্লোমেসি’: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতির প্রধান দায়িত্ব হলো, ‘কালচারাল ডিপ্লোমেসি’: সংস্কৃতিমন্ত্রী
প্রকাশিত

এই ১৬-১৭ বছরে দেশের অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা, আইন ব্যবস্থাসহ সাংবিধানিক ও রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো বিকল হয়ে পড়েছে তার বোঝা আমাদের ওপর এসে পড়েছে। এসকল কিছু নিয়েই আমাদের আগাতে হবে। আমার অগ্রাধিকার হলো, সংস্কৃতি মন্ত্রণালয়ের ভিতরে এতো বছরে জমে থাকা অনিয়ম, জঞ্জাল তা সব পরিষ্কার করে আমরা নতুন ফসল ফলানোর জন্য জমি প্রস্তুত করছি।

বেসরকারি টেলিভিশন, চ‍্যানেল আই- এর অনুষ্ঠান "ভিন্নমতে সহমত”- কে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সংস্কৃতির পুনর্জাগরণ ও বিকাশের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সাংসদ, নিতাই রায় চৌধুরী  ।

তিনি বলেন, সংস্কৃতি হলো একটা জাতির আত্মা । এদেশে,  একজন কৃষক ধান কাটছে আর গান গাচ্ছে, একজন মাঝি নৌকা বাইছে আর গান গাচ্ছে, কারণ এটা ধানের দেশ, পানির দেশ, গানের দেশ।

এই গানটা যেমন তার মনের আনন্দ/ বেদনাকে তুলে ধরছে, তেমনি তাকে ভেতর থেকে উৎসাহিত করছে নতুন করে প্রাণ সঞ্চারে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে প্রথম অগ্রাধিকার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে পারিনি। আমাদের সংস্কৃতির একটা বড় দায়িত্ব হলো, ‘কালচারাল ডিপ্লোমেসি’। অন্য যে কোনো বিষয়ে, কূটনীতি কেবল কিছু চুক্তির মাধ্যমে দুই রাষ্ট্রের ভিতর সম্পর্ক স্থাপন করতে পারে, কিন্তু সংস্কৃতি দুটি জাতির মধ্যে ভাবনা-চিন্তা, রুচির আদান-প্রদান ঘটায়।

১৬ বছর বয়সে শুরু হওয়া, রাজনীতির প্রথম পাঠ থেকে আমি বুঝতে পেরেছি যে আমাদের এই সমাজ বিভক্ত।  একদিকে আছে ভয়ংকর শোষক, আরেকদিকে আছে এই শোষণের থাবার বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়া মেহনতি জনগণ। তখন থেকেই আমার কাজ এই মেহনতি মানুষকে নিয়ে, তাদের কল্যাণে। সুতরাং, কালচারাল ডিপ্লোমেসি দিয়ে জাতিকে বিশ্ব দরবারে তুলে ধরা এবং মেহনতি জনগণের সেবা করাই আমার প্রথম অগ্রাধিকার।

জাতির আত্মপরিচয়ে সংস্কৃতির ভূমিকা জানতে চাইলে তিনি বলেন, একটি জাতির উৎপত্তি, বেড়ে ওঠা, ধ্যান-ধারণা, মূল্যবোধ এই সবকিছুর মিশেলেই সংস্কৃতি। সংস্কৃতি দিয়েই একটা জাতিকে চেনা যায়। কোনো জাতির উৎপত্তি বা বিকাশ সম্পর্কে যদি আমরা গবেষণা করতে চাই, তবে  আমাদের যেতে হবে ওই জাতির শিকড়ের সন্ধানে। সেখানে দেখতে হবে তাদের খাবার, পোষাক, অর্থনৈতিক কর্মকাণ্ড, সর্বোপরি তার সংস্কৃতি কি বা কেমন ছিলো। 

লোকসংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরার পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী বলেন, লোকসংস্কৃতির ওপর একটা আন্তর্জাতিক ফেস্টিভাল করার সিদ্ধান্ত নিয়েছি। ওখানে অংশগ্রহণ করা দেশগুলোর স্ব-স্ব সংস্কৃতির উৎপত্তি ও বিকাশ প্রদর্শিত হবে।

দেশের শিল্পী, লেখক ও কলাকুশলীদের সুরক্ষায় ভাবনার বিষয়ে তিনি জানান, একজন মানুষ তার মহৎ আবেগ থেকে শিল্পী হলো। সে অবৈধ ব্যবসায়ী হতে পারতো, পাচারকারি হতে পারতো। এই সমাজ থেকে বেড়িয়ে এসে একজন নিঃস্বার্থভাবে শিল্পী, লেখক বা সাংবাদিক হলো। আধ্যাত্মিক সাধনায় থাকা একজন মানুষ জীবনভর অবহেলায় থেকে যাবে। তার জীবনে কোনো সুখ-শান্তি বা পরিবার নাই। এটাতো হতে পারে না। আমাদের সরকার সবাইকে নিয়েই কাজ করতে চাই। কিন্তু সকল ধারার শিল্পীদের সেখানে মর্যাদা থাকা উচিৎ।

সবশেষে বলতে চাই, আমরা তারেক রহমানের সরকার ব্যর্থ হতে আসিনি। আমরা ব্যর্থ হলে জাতীয় স্বার্থ ব্যর্থ হবে, আমরা ব্যর্থ হলে এই জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমরা জয় করবোই।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com