তরুণ উদ্যম ও অভিজ্ঞতার সমন্বয়েই টেকসই রাষ্ট্র গঠন সম্ভব : খন্দকার মোশাররফ হোসেন

তরুণ উদ্যম ও অভিজ্ঞতার সমন্বয়েই টেকসই রাষ্ট্র গঠন সম্ভব : খন্দকার মোশাররফ হোসেন
প্রকাশিত

দীর্ঘ সময় পর দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১ আসনের সাংসদ, খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, সাধারণ মানুষ স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে এবং এর মাধ্যমে গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হয়েছে।

বেসরকারি টেলিভিশন, ‘চ্যানেল আই’- এর জনপ্রিয় অনুষ্ঠান, ‘ভিন্নমতে সহমত’- এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন, কুমিল্লা-১ আসনের সাংসদ খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, বহু বছর ধরে রাজনৈতিক দল ও জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। বর্তমানে অর্থনীতি, সমাজ ও প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে, যেখানে সরকার ও বিরোধী দল উভয়েরই ভূমিকা গুরুত্বপূর্ণ।

রাজনীতিতে আসার পেছনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি গঠনের সময় থেকেই তিনি দলের সঙ্গে যুক্ত হন। ছাত্রবিষয়ক সম্পাদক, যুগ্ম মহাসচিবসহ বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি প্রায় ৩৩ বছর ধরে দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন।

মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে বড়পুকুরিয়া কয়লা খনি ও মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প বাস্তবায়নে ভূমিকা রাখেন এবং ভোলায় গ্যাস অনুসন্ধানে উৎসাহ দেন।

এছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে উপজেলা পর্যায়ে হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি ও নতুন হাসপাতাল নির্মাণের কাজ করেন। তবে তিনি স্বীকার করেন, স্বাস্থ্যখাতে এখনো বাজেট ঘাটতি ও নার্স সংকট একটি বড় চ্যালেঞ্জ।

গণতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্র শুধু ভোটের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং অর্থনীতি, সমাজ ও প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে এর চর্চা থাকা প্রয়োজন। সংসদে সব বিষয়ে আলোচনা নিশ্চিত হলে সিদ্ধান্তগুলো আরও কার্যকর হয় এবং বিরোধী দল সক্রিয় থাকলে সরকারের জবাবদিহিতা বাড়ে। গঠনমূলক সমালোচনা একজন রাজনীতিবিদের জন্য গুরুত্বপূর্ণ। এতে নিজের ভুলগুলো চিহ্নিত করে সংশোধনের সুযোগ তৈরি হয়।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নে তরুণ প্রজন্মের শক্তি ও অভিজ্ঞদের জ্ঞানকে একত্রে কাজে লাগাতে হবে। তাহলেই একটি টেকসই ও শক্তিশালী রাষ্ট্র গঠন সম্ভব।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com