৭৯ জন মিলে ২১২ জনকে তীরের মতো সোজা করে রাখব : আমির হামজা

৭৯ জন মিলে ২১২ জনকে তীরের মতো সোজা করে রাখব : আমির হামজা
প্রকাশিত

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, চরমোনাই একজনসহ আমরা ৭৮ জন, আর শেরপুরের একজন বাকি আছে। এই ৭৯ জন, তারা ২১২ জন সংসদ সদস্য। মসজিদের মধ্যে বসে বলছি ১০০ ভাগ চেষ্টা চলাব এই ৭৯ জন মিলে ওনাদেরকে তীরের মতো সোজা করে রাখতে। যদি এদিক-ওদিক করে আমরা চেপে ধরব। সে সংসদের ভেতরে হোক, আর সংসদের বাইরে হোক।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুষ্টিয়া শহরস্থ ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে খুতবার আগে তিনি এসব কথা বলেন।

আমির হামজা বলেন, আমাদের কাছে দল-বেদল, ধর্ম-অধর্ম না। চাঁদাবাজি আমার দলের লোক করলে অসুবিধা নেই, অন্য দলের লোক করলেই ধরা লাগবে, এটা ন্যায় বিচার না। আমি এমপি শুধু ১ লাখ ৮৩ হাজার ভোট পেয়েছি। শুধু তাদেরই না, আমার সাড়ে ৪ লাখ ভোটার আমি তাদের সবার এমপি। আমি সবাইকে আমার নিজের আপন ভাইয়ের মতো মনে করি, আপন বোনের মতো মনে করে ইনশাল্লাহ আগামীর ৫ বছর যেন সঠিকভাবে সুন্দর নিয়মে দায়িত্ব পালন করতে পারি।

তিনি বলেন, আগে কিছু কিছু নিয়ম জানতাম না। এখন নিয়মগুলো সব শিখছি। সংবিধান এবং কার্যপ্রণালী, মন্ত্রণালয়ের কি কি কাজ তা আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে জানিয়েছে, বই দিয়েছে। এগুলো পড়ার মাধ্যমে সব বুঝছি। যেহেতু এখন সরকারি নেই বিরোধীতে আছি। সরকারি দলের এমপি ও বিরোধী দলের এমপির জন্য বরাদ্দ সমান সমান। লাইন ঘাট করে কিছু কিছু জিনিস একটু বেশি করা যায়। আমি চেষ্টা চালাব, আমার এই ফেস ভ্যালুটা কাজে লাগিয়ে আপনাদের জন্য কিছু করার।

তিনি আরও বলেন, আমার আর লাগবে না আমার যা আছে আছেই। আমার এই ফেসটা আল্লাহ যেতেতু আলাদাভাবে বানিয়েছে। এটার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমার ফেসটা কাজে লাগিয়ে আপনাদের পেছনে আমরা এই শ্রমগুলো দিতে চাই।

তাফসির মাহফিলের বিষয়ে তিনি বলেন, তাফসির মাহফিল ভালোভাবে আর করা যাবে না। যত কাজ দেখলাম, একজন এমপির মাথার ওপরে যে কত কাজ। এখন দুই দিন ট্রেনিং নিয়ে মনে হচ্ছে, মমতাজ এত কাজ করতো কি করে? আমার মনে হয় মমতাজ এসব কিছুই জানতো না। খালি গান বলা ছাড়া ওর কোনো কাজ নেই। কিন্তু আমাদের তো আর গান বলার কোনো সিস্টেম নেই। কাজ করা লাগবে, এগুলো পড়া লাগবে, সুন্দরভাবে উপস্থাপন করতে হবে।

মুফতি আমির হামজা আরও বলেন, বিরতি দলের সময়গুলোর ফ্লোর আরো বেশি দেওয়া হয়। এক মিনিট সংসদ চললে বাংলাদেশে ১৯ হাজার টাকা খরচ। এগুলো আপনাদেরই টাকা। এই টাকার মূল্যায়ন করার দরকার। এই টাকার যেন হক আদায় করতে পারি।

কুষ্টিয়াকে সাজাতে তিনি বলেন, আমি আমার আসন নিয়ে আমার কুষ্টিয়া জেলা নিয়ে আন্তর্জাতিক বিষয় যেগুলো আসবে সব নোট করে আপনাদের পরামর্শ নেব। এই এলাকায় যারা আছে আমাদের আসনের ভেতরে তিনজনই জামায়াতে ইসলামীর এমপি। আরেকজন আছে রেজা বাচ্চু ভাই উনি বিএনপি থেকে উনার সঙ্গেও পরামর্শ করে আমরা কুষ্টিয়াকে সাজাতে চাই।

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিয়ে তিনি বলেন, দুর্নীতিমুক্ত করা হবে সব জায়গায়। আজকে সদর হাসপাতালে যেয়ে মাথা খারাপ হয়ে গেছে। আগেও দেখেছি কিন্তু মুখ খুলতে পারতাম না। আজকে দেখলাম রন্ধ্রে রন্ধ্রে সব অনিয়ম। এইগুলো আমরা মেটাতে চাই আগামীতে। আমার সঙ্গে আপনাদের থাকা লাগবে। যখনই ডাক দেব দল মত দেখবেন না। সবার এমপি হয়ে থাকতে চাই। ইনশাল্লাহ।

চাঁদাবাজি নিয়ে আমির হামজা বলেন, মাইকিং করার পরে ত্রিমোহনী, মজমপুর থেকে চাঁদা তোলা বন্ধ হয়েছে। আরো কিছু জায়গা দেখতে পাচ্ছি অন্য কায়দায় নিচ্ছে। তাদের বলব যে কায়দায় নেন না কেন ঘুষ ঘুষই। করব না কাউকে করতেও দেবো না। সে যত বড় মহারথী হোক আমি দেখব।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com