জুলাই আকাঙ্ক্ষার সঙ্গে বেঈমানি করলে বিকল্প ভাববে ১১ দল: নাহিদ ইসলাম

জুলাই আকাঙ্ক্ষার সঙ্গে বেঈমানি করলে বিকল্প ভাববে ১১ দল: নাহিদ ইসলাম
প্রকাশিত

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই বিএনপিকে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ গ্রহণ এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অন্যথায় জাতীয় নাগরিক পার্টি ও তাদের মিত্র ১১ দল কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার (৭ মার্চ) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, 'আগামী ১২ তারিখ সংসদের অধিবেশন শুরুতেই সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে তাদের (বিএনপি) শপথ নিতে হবে এবং ফ্যাসিস্টের রাষ্ট্রপতিকে অপসারণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর বিচ্যুতি ঘটলে জাতীয় নাগরিক পার্টি ও ১১ দলকে বিকল্প চিন্তা করতে হবে।'

তিনি অভিযোগ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন হলেও সেটিকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। সরকারি দল একটি শপথ নিয়ে জুলাই আকাঙ্ক্ষার প্রতিশ্রুতির সাথে বেঈমানি করেছে। তারা জুলাই সনদের আদেশ ও গণভোটের বৈধতা নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং আদালতের ওপর চাপ প্রয়োগ করছে।

সরকারের এক মাস পূর্ণ হওয়ার আগেই বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নগ্ন হস্তক্ষেপ শুরু হয়েছে দাবি করে নাহিদ ইসলাম বলেন, দুদক চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মব তৈরি করে প্রতিষ্ঠান ছাড়তে বাধ্য করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের মতো একই প্রবণতা এই সরকারের শুরুতেই দেখা যাচ্ছে। সংস্কার ও বিচারের বিপক্ষে যদি কোনো সরকার দাঁড়ায়, বাংলাদেশের জনগণ তা গ্রহণ করবে না।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে সরকারের ‘গ্রিন সিগন্যালে’ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে। ফ্যাসিস্টদের কোনো ক্ষমা নেই, তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। শহীদ ওসমান হাদীর খুনিদের রেহাই দেওয়া হবে না।

তিনি আরও বলেন, গত ১৭ বছর শেখ মুজিব ও ৭ই মার্চের নামে সকল অপকর্ম ও লুণ্ঠনের বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বর্তমানেও একই কায়দায় ফ্যাসিবাদের সাফাই গাওয়ার চেষ্টা চলছে, যা সফল হতে দেওয়া হবে না।

ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্যা, ফরিদপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও মজলিসে শুরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব, জেলা আমির মাওলানা বদরুদ্দীনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার এনসিপি নেতাকর্মীরা অংশ নেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com