

জনগণ মনে করে ম্যাকানিজম ও টেম্পারিং করে জামায়াত জোটকে হারানো হয়েছে- বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, নির্বাচনের পরের রাতেই গেজেট প্রকাশ করে জনগণের সে ধারণাকে আরো গভীর করে তোলা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) খুলনার ফুলতলায় এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে সত্য কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং অনেক আগে থেকেই আমাদের দেশে চলে আসছে। আপনারা সংবাদমাধ্যমে জেনেছেন আমাদের আমীরে জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনীয় ঐক্যের পক্ষ থেকে ইসিতে ৩২টি আসনের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ জানানো হয়েছে। তবে আমাদের দল আসন কম পেলেও ভোটের পার্সেন্টেজে অনেক এগিয়েছে। নির্বাচিত দল বিএনপি দুই শতাধিক আসন পেলেও ভোটের পার্সেন্টেজে আমরা মাত্র ২.৭% পিছিয়ে ছিলাম।
নির্বাচন পরবর্তী সহিংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, ভেবেছিলাম অভ্যুত্থান পরবর্তী সময়ে এই কালচার থেকে বেরিয়ে আসবে সবাই। কিন্তু আমরা দেখলাম নির্বাচনের পর সারাদেশে আমাদের কর্মী, সমর্থকের উপর হামলা, বাড়িঘরে আগুন দেয়ার ঘটনা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এসব বিষয়ে নজর দিবেন এবং ঘটনার ইতি টানবেন। কিন্তু বিএনপির নেতা কর্মীরা এখনও থেমে যায়নি। আমরা সবাইকে ধৈর্য ধারণের আহবান জানাচ্ছি। তবে পরিস্থিতি যদি বন্ধ না হয় তাহলে জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।