

রংপুর-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম অভিযোগ করে বলেছেন, ‘প্রশাসন পুরোপুরি নিরপেক্ষ, সেটা বলব না। কারণ গতকাল অনেকেই অনেক অঘটন ঘটানোর চেষ্টা করেছে। আমি ওসিকে বলার চেষ্টা করেছি কিন্তু কোনো সাড়া পাইনি। তবে এখন পর্যন্ত আমি মনে করি, ভালো অবস্থাই আছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের বদরগঞ্জ পৌর শহরের বালুয়াভাটা নেহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘১৭ বছর পর ভোট হচ্ছে। আমি তো ১৫ বছর জেলেই ছিলাম। আর বাইরেও অনেকেই ভোট দিতে পারেনি। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারায় আমি অত্যন্ত আনন্দিত।’
ভোটকেন্দ্রের অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করে তিনি বলেন, ‘পরিবেশগতভাবে এখন পর্যন্ত আমি আমার এলাকায় খারাপ কিছু দেখিনি। তবে আমি যে কক্ষে ভোট দিলাম, সেখানে আলো (লাইট) অপর্যাপ্ত। আমার মতো লোকই তো সিলটা ঠিকমতো দিতে পারছে না। এটি কেন অনিয়ম? আমি অভিযোগ করেছি, অবিলম্বে সেখানে লাইটের ব্যবস্থা করা উচিত।’
জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘জনগণের যে সাড়া পেয়েছি, তাতে যদি অন্য কোনো অঘটন না ঘটে, স্বাভাবিকভাবে মানুষ যদি ভোট দিতে পারে এবং কাউন্ট (গণনা) ঠিকমতো হয়; তবে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব ইনশাআল্লাহ।’
বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন।
এই আসনে প্রতিদ্বন্দ্বী ৫ প্রার্থীর মধ্যে রয়েছেন: জামায়াতে ইসলামীর এটিএম আজহারুল ইসলাম (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আনিছুল ইসলাম মণ্ডল (লাঙ্গল), বিএনপির মোহাম্মদ আলী সরকার (ধানের শীষ), ইসলামী আন্দোলনের আশরাফ আলী (হাতপাখা) ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির আজিজুর রহমান (তারা)।