দাঁড়িপাল্লার জোয়ার দেখে, একটি দলের মাথা খারাপ হয়ে গেছে -গোলাম পরওয়ার

দাঁড়িপাল্লার জোয়ার দেখে, একটি দলের মাথা খারাপ হয়ে গেছে -গোলাম পরওয়ার
প্রকাশিত

সারাদেশে দাঁড়িপাল্লার জোয়ার দেখে একটি দলের মাথা খারাপ হয়ে গেছে। তারা বিভিন্ন জায়গায় সহিংসতা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

১১ দলীয় জোটের মধ্যে কোনো দুর্নীতি বা দলীয়করণের কোনো অভিযোগ নেই বলেও দাবি করেন তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পৌর শহরের বড় বাজার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটপ্রার্থী মো. মহসীনের সমর্থনে এ জনসভার আয়োজন করা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপির সন্ত্রাসীরা শেরপুরে নিষ্ঠুরভাবে জামায়াতে ইসলামী নেতার ওপর হামলা চালিয়ে হত্যা করেছে। জাতীয় নির্বাচনের প্রকাশ্য প্রচার অভিযানে এই হত্যাকাণ্ডের বিচার এই সরকারকে করতে হবে। আর যেন জামাতে ইসলামীসহ অন্য কোনো দলের প্রার্থীদের ওপর হামলা না হয়, সেটা নিশ্চিত করতে হবে।’

তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, এ অবস্থায় দেশ যদি সহিংস হয়ে উঠে তবে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না। বরং ভোটকেন্দ্রে সন্ত্রাস হবে। তাই অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে জনগণের প্রত্যাশিত নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে দেশের শাসনে থাকা বিগত তিনটি দলের প্রধান থেকে শুরু করে কোনো নেতাই বলতে পারবেন না— তারা দুর্নীতি, অপশাসন, চাঁদাবাজি ও ভিন্নমতকে দমন-পীড়ন এবং কর্তৃত্ববাদী শাসনের দোষ থেকে মুক্ত ছিলেন। তাই মানুষ পরিবর্তন চায়। এ অবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৬টি ইসলামী দল, জুলাই যোদ্ধাদের দল এনসিপি ও এলডিপি ১১ দলীয় ঐক্য করেছে।

তাদের মধ্যে কোনো দুর্নীতি বা দলীয়করণের কোনো অভিযোগ নেই দাবি করে জামায়াত সেক্রেটারি বলেন, ‘তাদের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দলের অন্যতম বৃহৎ রাজনৈতিক সংগঠন হিসেবে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছে কুরআনের আইনের ভিত্তিতে রাসূল (সা.) এর আদর্শের ভিত্তিতে ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করবে। যে সমৃদ্ধ বাংলাদেশে থাকবে না দারিদ্রতা, অনাহারে মানুষের কান্না আর দুঃখ-কষ্ট।

তিনি বলেন, ‘আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোট সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হলে, সুশাসনের এমন একটি সমাজ গঠন করা হবে যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধসহ সকল ধর্মের মানুষ সমান ইনসাফ পূর্ণ অধিকারের মাধ্যমে সুখ, শান্তি ও সমৃদ্ধভাবে বসবাস করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘সারাদেশে দাঁড়িপাল্লার জোয়ার দেখে একটি দলের মাথা খারাপ হয়ে গেছে। তারা বিভিন্ন জায়গায় সহিংসতা করছে। নারীরা যখন দাঁড়িপাল্লার পক্ষে কাজ করতে মিটিং বা গণসংযোগে যাচ্ছেন, তাদের ওপর হামলা করা হচ্ছে। শুধু তাই নয় শেরপুরে জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারিকে নিষ্ঠুরভাবে নির্যাতন করে শহিদ করা হয়েছে। জাতীয় নির্বাচনের প্রচারণায় এই প্রথম জামায়াতে ইসলামীর এক নেতাকে শহীদ করা হয়েছে।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পরে যারা দেশে দোকানপাট, হাটঘাট, বাসস্ট্যান্ড ও টেম্পুস্ট্যান্ড চাঁদাবাজি করেছে; তারা এখন হুমকি দিচ্ছেন দাঁড়িপাল্লায় ভোট দিলে কেন্দ্রে যেতে দেবে না, হিন্দুরা যেন দাঁড়িপাল্লায় ভোট না দেয়।’

পরওয়ার বলেন, ‘৫ আগস্টের পর আওয়ামী লীগ ক্ষমতার কর্তৃত্বে ছিল না, তাই কারা এসব চাঁদাবাজি ও হামলার সঙ্গে জড়িত তা সবাই জানে। এখন তারাই বলছে শান্তির বাংলাদেশ গড়বে।’

তিনি এ সময় প্রশ্ন রেখে বলেন, ‘ক্ষমতায় যাওয়ার আগে বিএনপির কোনো কোনো নেতা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখছেন— দাঁড়িপাল্লার পক্ষে কোন মহিলারা কাজ করতে গেলে বিএনপি লোকেরা তাদের বিবস্ত্র করবে। তাই যারা নির্বাচনের আগেই যারা নারীদের গায়ে হাত তোলে, ক্ষমতায় গেলে তারা কেমন আচরণ করবে? ক্ষমতায় যাওয়ার আগে যদি আমাদের নেতাকর্মীদের হত্যা করে, চাঁদাবাজি করে তারা ক্ষমতায় গেলে হিন্দু-মুসলিমসহ কারও জানমাল নিরাপদ থাকবে না। তাই নিরাপদ বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।’

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখার আমীর মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা আব্দুল সাত্তার, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দ, জেলা সেক্রেটারি আমিনুল ইসলামসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com