

নাহিদ ইসলামের বাসায় এসে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের বিষয়টিকে জাতীয় রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমকর্মীদের জানাতে আয়োজিত এক ব্রিফিংয়ে এমন তথ্য জানান দলের সদস্য সচিব আখতার হোসেন।
এনসিপির হয়ে নবনির্বাচিত সংসদ সদস্য আখতার বলেন, আজ দুই দলের নেতা তারেক রহমান এবং নাহিদ ইসলাম একত্রে বসেছেন। যদিও কয়েকটি আসনের নির্বাচনের ফলাফল নিয়ে এনসিপির প্রশ্ন রয়েছে। এরপরও তারেক রহমান যে রাজনৈতিক সৌজন্যতাবোধের জায়গা থেকে সাক্ষাতে এসেছিলেন, এই রাজনৈতিক সৌজন্যতাকে আমরা সাধুবাদ জানাই। তার জয়ী হয়ে আসাকে আমরা অভিনন্দন জানাই।
তিনি আরও বলেন, তারেক রহমান এবং নাহিদ ইসলামের মধ্যকার আজকের এই নির্বাচন পরবর্তী সৌজন্যমূলক সাক্ষাৎ, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তনের আভাস দেয়।
রাজনৈতিক মতভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে এক হয়ে কাজ করার বিষয়ে তিনি বলেন, নিজেদের মধ্যে মতভিন্নতা সত্ত্বেও কীভাবে এর বাইরে গিয়ে একত্রে দেশের জন্য কাজ করতে পারি, সে সব বিষয় নিয়ে আমরা কথা বলেছি। বাংলাদেশের সংস্কারের যে প্রশ্ন, সেই প্রশ্নকে কীভাবে সুরাহা করা যায় এবং বিচারের যে প্রশ্ন সেই বিষয়গুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি।
এনসিপির সদস্য সচিব বলেন, আমরা মনে প্রাণে চাই এই বাংলাদেশ রাষ্ট্রে আমাদের রাজনৈতিক মতভিন্নতা থাকবে। রাজনৈতিক কর্মসূচি আলাদা হবে। রাজনৈতিক বক্তব্য আলাদা হবে। কিন্তু দেশের প্রশ্নে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আমরা একত্রিত থেকে বাংলাদেশের প্রশ্নে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারব। সে ধরনের একটা পরিবেশ বাংলাদেশে অটুট থাকবে। সেটাই আমাদের প্রত্যাশার জায়গা।
আখতার বলেন, সাক্ষাতে নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে বিএনপির পক্ষ থেকে কার্যকর ব্যবস্থাগ্রহণের আশ্বাস দেয়া হয়েছে। এছাড়া ২৪ এর অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের নিয়েও কথা হয়েছে।
পরে তারেক রহমানকে শাপলা কলির কাঠামো উপহার দেয়া হয়েছে বলেও জানান তিনি।