

চেহারা ও পোশাকে বড় ধরনের পরিবর্তন এনেছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। মুখে লম্বা দাড়ি-গোঁফ এবং ভিন্নধর্মী পোশাকের কারণে তাঁর পরিচিত চেহারার সঙ্গে মিল খুঁজে পাওয়া কঠিন ছিল। তবে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে পারেননি তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর গুলশানের বারিধারা এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের সময় সাঈদ খোকনের চেহারা ও পোশাকে উল্লেখযোগ্য পরিবর্তন ছিল। দীর্ঘ দাড়ি-গোঁফ এবং ভিন্ন সাজসজ্জার কারণে তাঁকে সহজে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল। গ্রেপ্তারের পর তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, এসআরবি সদস্যরা সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলাসহ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
সাঈদ খোকনের বিরুদ্ধে দুর্নীতি ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় তাঁর বোন শাহানা হানিফ ও এক কর্মচারীকেও আসামি করা হয়।
এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালতের আদেশে সাঈদ খোকন ও তাঁর পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। পরবর্তী সময়ে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।