আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন
প্রকাশিত

পাঁচ বছর ধরে বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা পেসার রুবেল হোসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বুধবার ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত বিস্তৃত আন্তর্জাতিক ক্যারিয়ারে রুবেল বাংলাদেশের হয়ে ২৭টি টেস্ট, ১০৪টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে তার শিকার ১৯৩ উইকেট। এর মধ্যে টেস্ট ও ওয়ানডেতে একবার করে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। ৩৬ বছর বয়সী এই বোলার ২০২১ সালের ১ এপ্রিল অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে শেষবার জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন।

ফেসবুক পোস্টে রুবেল লিখেছেন, 'জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালাম।'

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রুবেল। তিনি ২০২০ সালে সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেন। এছাড়া, ২০২৪ সালে শেষবার লিস্ট 'এ' এবং ২০২৫ সালে শেষবার টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেন। অর্থাৎ গত প্রায় ১৬ মাস তাকে কোনো ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি।

রুবেল আরও লিখেছেন, 'ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।'

বাংলাদেশের অন্যতম সেরা গতিময় পেসার হিসেবে পরিচিত রুবেল দেশের ক্রিকেট ইতিহাসের বেশ কিছু স্মরণীয় মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছেন। বিশেষ করে, ২০১৫ সালের বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে শেষ উইকেটটি নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেন তিনি। এছাড়া, ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৪-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়েও শেষ উইকেটটি নেন।

২০১৩ সালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে হ্যাটট্রিক করার কৃতিত্বও রয়েছে রুবেলের ঝুলিতে। ওই ম্যাচে তিনি শিকার করেছিলেন ২৬ রানে ৬ উইকেট, যা মাশরাফি বিন মর্তুজার সাথে যৌথভাবে ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিং ফিগার। সাদা বলের ক্রিকেটে তার পরিসংখ্যান মাঝারি হলেও লাল বলের ক্রিকেটে তা ছিল অনুজ্জ্বল। ২৭ টেস্টের ৪৪ ইনিংসে ৭৬.৭৭ গড়ে তার উইকেট সংখ্যা মাত্র ৩৬টি।

রুবেলের ক্যারিয়ারে মাঠের বাইরের বিতর্কও কম ছিল না। নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় ২০১৫ সালে তাকে তিন দিনের জন্য জেল খাটতে হয়। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে অংশ নেন। এরপর চোটের পর পুনর্বাসন প্রক্রিয়ার নিয়ম-কানুন না মানায় ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে সাময়িকভাবে বাদ পড়েন তিনি। আর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ ও অসংলগ্ন ভাষা ব্যবহারের দায়ে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের কারণেও বেশ কয়েকবার শাস্তি পান।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com