মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে দাপুটে ফর্মে বাংলাদেশ

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে দাপুটে ফর্মে বাংলাদেশ
প্রকাশিত

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ।

রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার (৯ মে) দ্বিতীয় দিনের প্রথম সেশনে ব্যাট হাতে দারুণ লড়াই চালিয়ে যাচ্ছে টাইগাররা। সর্বশেষ খবর পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১০ ওভারে ৮ উইকেটে ৩৮৪ রান।

প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ৩০১ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত সেঞ্চুরি এবং মুমিনুল হকের ৯১ রানের ইনিংসে বড় সংগ্রহের ভিত গড়ে টাইগাররা। শান্ত ১০১ রানের অনবদ্য ইনিংস খেলেন, যেখানে ছিল ১২টি চার ও ২টি ছক্কা। অন্যদিকে মুমিনুল ধৈর্যশীল ব্যাটিংয়ে পাকিস্তানি বোলারদের ভুগিয়েছেন দীর্ঘ সময়। দিন শেষে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম ৪৮ এবং লিটন দাস ৮ রানে।

আজ দ্বিতীয় দিনের শুরুতেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় লিটন দাসকে। পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির এক ওভারে টানা তিনটি বাউন্ডারি হাঁকিয়ে চাপ কমানোর চেষ্টা করেন তিনি। অন্যপ্রান্তে নিজের জন্মদিনে দারুণ এক মাইলফলক স্পর্শ করেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ১১৪ বলে তুলে নেন ব্যক্তিগত ফিফটি।

তবে লিটনের ইনিংস বেশিদূর এগোয়নি। ৩৩ রান করে মোহাম্মদ আব্বাসের বলে আউট হন তিনি। এরপর দ্রুত আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ১০ এবং তাইজুল ইসলাম ১৭ রান করে সাজঘরে ফেরেন। দুইজনকেই ফেরান আব্বাস। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে সফল বোলার তিনি।

মিরপুরের উইকেটে শুরু থেকেই ব্যাটারদের জন্য সহায়ক পরিবেশ দেখা গেলেও ম্যাচ যত এগোচ্ছে, ততই স্পিনারদের জন্য সহায়তা বাড়ছে। তাই ৪০০ রানের কাছাকাছি যেতে পারলে বাংলাদেশের জন্য ম্যাচে বড় সুবিধা তৈরি হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com