ভারতের সামনে ইতিহাস গড়ার হাতছানি, নিউজিল্যান্ডের লক্ষ্য ‘চমক’

ভারতের সামনে ইতিহাস গড়ার হাতছানি, নিউজিল্যান্ডের লক্ষ্য ‘চমক’
প্রকাশিত

প্রথম দল হিসেবে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরতে রোববার আহমেদাবাদে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আর ১৪০ কোটি মানুষের দেশটিও তাদের কাছ থেকে এই লক্ষ্যের চেয়ে কম কিছু প্রত্যাশা করছে না।

সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন স্বাগতিকদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে এমন এক দল, যারা টানা সাত ম্যাচ অপরাজিত থাকা দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালে ৯ উইকেটের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে সব হিসাব-নিকাশ উল্টে দিয়ে ফাইনালে উঠেছে। সেমিতে ফিন অ্যালেনের ৩৩ বলের রেকর্ড গড়া সেঞ্চুরির পর আত্মবিশ্বাসী কিউইরা এখন বিশ্বাস করে যে, তারা অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের মুকুট জিততে পারবে।

কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, 'আমরা যদি আমাদের স্বাভাবিক কাজগুলো একইভাবে করে যেতে পারি, তবে আমরা আরও একটি বড় দলকে চমকে দিতে পারব।'

তবে ভারতকে লড়তে হবে কানায় কানায় পূর্ণ নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ১ লাখেরও বেশি ক্রিকেট-পাগল দর্শকের প্রত্যাশার চাপের বিরুদ্ধে। আরও কয়েক কোটি মানুষ টেলিভিশনের পর্দায় এই লড়াই সরাসরি উপভোগ করবেন।

বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দলটির সামনে সুযোগ প্রথম দল হিসেবে টানা দুবার এবং প্রথম স্বাগতিক দেশ হিসেবে এই ট্রফি জয়ের ইতিহাস গড়ার।

ইংল্যান্ডের বিপক্ষে হাই-স্কোরিং সেমিফাইনালে ৭ রানের স্নায়ুক্ষয়ী জয়ের পর সূর্যকুমার বলেন, 'চাপ ও স্নায়ুর লড়াই অবশ্যই থাকবে, বিশেষ করে ভারতের মাটিতে খেলা এবং শিরোপার জন্য লড়াই করা। তবে আমাদের ছেলেরা এবং পুরো সাপোর্ট স্টাফরাও সমানভাবে রোমাঞ্চিত।'

সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ভারতকে মূলত টানা তিনটি নকআউট ম্যাচ খেলে ফাইনালে আসতে হয়েছে। জিম্বাবুয়েকে ৭২ রানে হারানো এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অসাধারণভাবে ১৯৪ রান তাড়া করে 'মাস্ট-উইন' ম্যাচ জিতে তারা সেমিফাইনালে পা রাখে।

সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ২৫৩ রানের পাহাড়সম পুঁজি গড়ার পর ইংলিশ ব্যাটারদের আক্রমণ রুখে দিতে ১৮তম ওভারে ডেথ-বোলিং মাস্টার যশপ্রিত বুমরাহর জাদুকরী স্পেলের প্রয়োজন হয়েছিল ভারতের। নিজের শেষ ওভারে মাত্র ৬ রান দেন তিনি, যা ইংল্যান্ডের জন্য লক্ষ্যকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায়। তাই জ্যাকব বেথেলের ১০৫ রানের দুর্দান্ত ইনিংস সত্ত্বেও জয় পায় ভারত।

বুমরাহ প্রসঙ্গে সূর্যকুমার বলেন, 'এটি ছিল একটি স্পেশাল বোলিং পারফরম্যান্স।' কঠিন সময়ে বুমরাহর মতো একজন অনন্য প্রতিভাকে কাজে লাগানোর সুযোগ পাওয়াটা ভাগ্যের ব্যাপার বলেও স্বীকার করেন তিনি।

তবে ভারতীয়দের জন্য প্রধান উদ্বেগের বিষয় হলো ওপেনার অভিষেক শর্মা ও মূল স্পিনার বরুণ চক্রবর্তীর ফর্ম। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে যথাক্রমে ব্যাটিং ও বোলিংয়ে এক নম্বরে থাকলেও টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে নিজেদের হারিয়ে খুঁজছেন তারা। অভিষেক গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হন এবং জিম্বাবুয়ের বিপক্ষে একটি ফিফটি ছাড়া এখন পর্যন্ত তার উল্লেখযোগ্য কোনো স্কোর নেই।

অন্যদিকে, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংলিশ ব্যাটারদের হাতে নির্দয়ভাবে মার খান বরুণ। ৪ ওভারে তিনি খরচ করেন ৬৪ রান। গ্রুপ পর্বের পর থেকে তিনি মাত্র ৪ উইকেট নিতে পেরেছেন।

আর নিউজিল্যান্ডের পথচলা এবারের টুর্নামেন্টে চড়াই-উৎরাইয়ে পূর্ণ ছিল। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা ও সুপার এইটে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে তাদের। তবে দলটির সব খেলোয়াড়ই সঠিক সময়ে ফর্মে ফিরেছেন এবং ভারতকে চমকে দেওয়ার মতো যথেষ্ট শক্তি তাদের রয়েছে। সবচেয়ে বড় কথা, ফাইনালে আন্ডারডগ হিসেবে মাঠে নামায় তাদের হারানোর কিছু নেই।

স্যান্টনার বলেন, 'সবাই জানে, আমরা হয়তো ফেভারিট নই, তাই এটি অনেক বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। তবে হ্যাঁ, ট্রফি জেতার জন্য যদি কিছু মানুষের হৃদয় ভাঙতে হয়, তবে আমি তাতে পিছপা হব না।'

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com