

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা আগেই জানিয়ে দিয়েছিলেন এ মৌসুম শেষে ক্লাব ছাড়বেন তিনি। এবার এসেছে আনুষ্ঠানিক ঘোষণা, চলে যাবেন এ স্প্যানিশ তারকা কোচ। তাই ম্যানচেস্টার সিটিতে গার্দিওলার নামে স্ট্যান্ড ও ভাস্কর্য বানাবে তার ক্লাব ম্যানচেস্টার সিটি।
ম্যানসিটির চেয়ারম্যান খালদুন আল মুবারাক শুক্রবার সকালে জানিয়েছেন, ক্লাব চাইছে কাতালুনিয়ার এ কোচের নামে নর্থ স্ট্যান্ডের সম্প্রসারিত অংশ নামকরণ করা হবে। তাছাড়া তার একটি ভাস্কর্যও করবে ক্লাবটি।
৫৫ বর্ষী গার্দিওলা ম্যানচেস্টার সিটিতে এসে মোট ২০টি শিরোপা জিতেছেন। তার মধ্যে টানা চারটি লিগ শিরোপাসহ ছয়টি লিগ শিরোপা, ক্লাবের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ। ইএফএল কারাবাও কাপ পাঁচটি, এফএ কাপ তিনটি, কমিউনিটি শিল্ড তিনটি। এছাড়া একটি উয়েফা সুপার কাপ ও একটি ক্লাব বিশ্বকাপের শিরোপা।
আবুধাবির বর্তমান ভাইস প্রেসিডেন্ট শেখ মনসুর বিন জায়েদ গার্দিওলাকে নিয়ে বলেছেন, ‘আমি অনেক আগেই বলেছিলাম যে ম্যানচেস্টার সিটির মাঠে ও মাঠের বাইরে, উভয় ক্ষেত্রেই সেরা মানুষদের থাকা উচিত। গত দশ বছর ধরে পেপ সেই উচ্চাকাঙ্ক্ষারই মূর্ত প্রতীক হয়ে আছেন। তিনি ক্লাবের ডিএনএ-তে এক অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন। এই ছাপটি তাঁর জেতা অসংখ্য ট্রফির চেয়েও, তিনি যেভাবে জিতেছেন তার দ্বারা বেশি তৈরি হয়েছে।’
ম্যানচেস্টার সিটির চেয়ারম্যান খালদুন ইবনে মোবারক বলেছেন, ‘পেপ গুয়ার্দিওলা স্ট্যান্ড এবং এর বাইরে স্থাপিত ভাস্কর্য নিশ্চিত করে যে, গার্দিওলার উত্তরাধিকার এই ফুটবল ক্লাব, ম্যানচেস্টার শহর এবং ইংলিশ ফুটবলের ইতিহাসে চিরকালের জন্য ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে।’