

আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার (১৩ মে) বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিসিবি জানায়, কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম, সদস্য হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. বি. এম. এহসানুল মামুন দায়িত্ব পালন করবেন।
গঠিত এই কমিশন ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া ও আইনি বিষয়গুলো তদারকি করবে।
উল্লেখ্য, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাদের ক্ষমতাবলে গত ৭ এপ্রিল বিসিবির আগের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন ওই বোর্ডের বিরুদ্ধে নির্বাচনে ব্যাপক অনিয়ম তদন্ত করে খুঁজে পায় এনএসসি। সেদিনই তামিম ইকবালের নেতৃত্বে গঠিত হয় অ্যাডহক কমিটি। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী অ্যাডহক কমিটিকে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে।