

১২ বছরের অপেক্ষার অবসান ঘটার অপেক্ষায় ছিল পুরো ইতালি।বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে জিতলেই ২০১৪ সালের পর প্রথমবারের মত চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের মিলত বিশ্বকাপের টিকেট।তবে রোমাঞ্চলকর লড়াই টাইব্রেকারে হেরে শেষ বাধা আর পার করা হল না জেনেরো গাত্তুসোর শিষ্যদের।
টাইব্রেকারে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাঁদিয়ে বিশ্বকাপের টিকিট কাটল বসনিয়া ও হার্জেগোভিনা। জেনিকায় বিলিনো পোলজে স্টেডিয়ামে ইউরোপিয়ান প্লে–অফ ফাইনালে স্বাগতিকদের কাছে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরেছে ইতালি। অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। ১৫ মিনিটে ময়েজ কিনের গোলে এগিয়ে যায় ইতালি। ৪১ মিনিটে প্রায় নিশ্চিত গোল বাঁচাতে গিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইতালির আলেসান্দ্রো বাস্তোনি। ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় তাদের। এরপর ১০ জনের ইতালির বিপক্ষে ৭৯ মিনিটে সমতা ফেরায় বসনিয়া। বাকি সময়ে আর কোনো গোল না হলে ম্যাচ চলে যায় টাইব্রেকারে। যেখানে ইতালির হয়ে পেনাল্টি মিস করেন পিও এসপোসিতো ও ব্রায়ান ক্রিস্তান্তে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলো ইতালি। ২০১৪ আসরের পর আর বিশ্বকাপ খেলা হয়নি তাদের। সাবেক চ্যাম্পিয়নদের মধ্যে ইতালিই প্রথম দল, যাদের টানা তিন বিশ্বকাপে দেখা যাবে না। বসনিয়া স্বাধীন হওয়ার পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ করে নিল। ইতালির মতোই ২০১৪ বিশ্বকাপে সর্বশেষ খেলেছে বলকান অঞ্চলের দেশটি। সেটা ছিল তাদের অভিষেক বিশ্বকাপ। এবার দ্বিতীয় বিশ্বকাপে ‘বি’ গ্রুপে কানাডা, কাতার ও সুইজারল্যান্ডকে পেল বসনিয়া ও হার্জেগোভিনা।
২৪ বছর পর বিশ্বকাপে তুরস্ক
প্রিস্টিনায় প্লে–অফ ফাইনালে স্বাগতিক কসোভোকে ১-০ গোলে হারিয়ে ২৪ বছর পর বিশ্বকাপের টিকিট কেটেছে তুরস্ক। ৫৩ মিনিটে কেরেম আকতারকোগ্লুর গোলে এগিয়ে যায় তারা। শেষ পর্যন্ত এই গোলেই এসেছে জয়। সর্বশেষ ২০০২ বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিল তুরস্ক। ২০২৬ বিশ্বকাপে ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ও স্বাগতিক যুক্তরাষ্ট্রকে পেল তুরস্ক। প্রথমার্ধে কসোভোর একটি শট তুরস্কের পোস্টে লাগে। ২০১৬ সালে ফিফা ও উয়েফার সদস্যপদ পাওয়া কসোভোর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার অপেক্ষা বাড়ল।
বিশ্বকাপে নেই লেভানডফস্কি
স্টকহোমের স্ট্রবেরি অ্যারেনায় প্লে–অফ ফাইনালে পোল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে সুইডেন। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল স্বাগতিকেরা। ৫৫ মিনিটে সুইডারস্কির গোলে সমতায় ফেরে পোল্যান্ড। কিন্তু ৮৮ মিনিটে ভিক্টর ইয়োরকায়েসের গোলে আবারও এগিয়ে যায় সুইডেন। শেষ পর্যন্ত এই গোলই পার্থক্য গড়ে দেয়। পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কি পুরো সময় খেলেও গোল পাননি। ৩৭ বছর বয়সী এই বার্সেলোনা তারকা সম্ভবত তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন।
২০২৬ বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে নেদারল্যান্ডস, জাপান ও তিউনিসিয়াকে পেল সুইডেন।
২০ বছর পর বিশ্বকাপে চেক প্রজাতন্ত্র
প্রাগে ডেনমার্কের বিপক্ষে প্লে–অফ ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে স্বাগতিক চেক প্রজাতন্ত্র। অতিরিক্ত সময়ে দুই দলই ১টি করে গোল করে। কিন্তু তাতে মীমাংসা হয়নি খেলার। অতিরিক্ত সময় শেষে ২-২ গোলে সমতায় থাকে ম্যাচ। পরে টাইব্রেকারে ডেনমার্ককে ৩-১ গোলে হারিয়ে ২০ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে চেক প্রজাতন্ত্র। সর্বশেষ ২০০৬ বিশ্বকাপে খেলেছে তারা। ২০২৬ বিশ্বকাপে ‘এ’ গ্রুপে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়ার সঙ্গী হলো চেক প্রজাতন্ত্র।